
পৌড়ি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরাখণ্ডের পৌড়িতে নায়ার ভ্যালি ফেস্টিভালের দ্বিতীয় দিনে রোমাঞ্চ ও উদ্দীপনায় মুখর হয়ে ওঠে পুরো উপত্যকা। শুক্রবার ফেস্টিভালের দ্বিতীয় দিনে সকাল থেকেই শুরু হয় একাধিক অ্যাডভেঞ্চার
অ্যাক্টিভিটি, যা পর্যটক ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
হট এয়ার বেলুন, প্যারামোটরিং ও ট্যান্ডেম প্যারাগ্লাইডিংয়ে আকাশজুড়ে তৈরি হয় বর্ণিল দৃশ্য। উপর থেকে নায়ার উপত্যকার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন পর্যটকরা। রোমাঞ্চকর মুহূর্ত ক্যামেরাবন্দি করতেও দেখা যায় ভিড়। নদীর বুকে কায়াকিং ও অ্যাঙ্গলিংয়ের পাশাপাশি অ্যাডভেঞ্চার জোনে ছিল বিশেষ আকর্ষণ। তরুণ ও পর্যটকদের ভিড়ে মুখর হয়ে ওঠে এলাকা। শিশু থেকে যুব সব বয়সের মানুষের অংশগ্রহণে ফেস্টিভালে যোগ হয় আলাদা প্রাণচাঞ্চল্য।
এদিনের বিপুল উপস্থিতি প্রমাণ করেছে, নায়ার ভ্যালি দ্রুতই অ্যাডভেঞ্চার ট্যুরিজমের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করছে।
ফেস্টিভালের প্রথম সাংস্কৃতিক সন্ধ্যায় জনপ্রিয় শিল্পী সংকল্প ক্ষেতওয়ালের কণ্ঠে লোক ও পাহাড়ি গানে মুখর হয়ে ওঠে মঞ্চ। তাঁর পরিবেশনায় দর্শকরা দারুণভাবে সাড়া দেন। লোকসংস্কৃতি ও আধুনিক সুরের মেলবন্ধনে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনগুলিতেও নানান আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ফেস্টিভালের শোভা বাড়াবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য