
দুর্গাপুর, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): চাষের জন্য জল ছাড়া থাকা সেচ ক্যানেলে ঝাঁপ দিয়ে নিখোঁজ হলেন এক অজ্ঞাত পরিচয় যুবক। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বুদবুদ থানার অন্তর্গত চাঁকতেঁতুল এলাকায় এলবিএমসি সেচ ক্যানেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, যুবকের আনুমানিক বয়স প্রায় ৩৫ বছর। স্থানীয় সেচ দফতরের লকগেট পরিচালনকারী কর্মীদের চোখের সামনেই ওই যুবক আচমকা ক্যানেলের আপস্ট্রিম অংশে ঝাঁপ দেন। ওই সময় ক্যানেলে প্রবল জলস্রোত থাকায় তিনি মুহূর্তের মধ্যেই তলিয়ে যান। ঘটনাটি নজরে পড়তেই স্থানীয়রা ছুটে আসেন এবং খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ এবং উদ্ধারকারী দলকে ডাকা হয়। পুলিশ জানিয়েছে, নিখোঁজ যুবকের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা