
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি. স.) : রাজ্যসভার ৪ আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে সমাজ মাধ্যমে এক বার্তায় তৃণমূল কংগ্রেসের তরফে এই তথ্য জানিয়ে দেওয়া হয়।
শুক্রবার রাতে তৃণমূলের তরফে জানানো হয়েছে, রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে। শুধু রাজীব নন, রাজ্যসভায় প্রার্থী করা হয়েছে রাজ্যের বর্তমান মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। এ ছাড়াও, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীকে প্রার্থী করেছে তৃণমূল।
রাজনৈতিক মহলের মতে, এবারের প্রার্থী তালিকায় শাসক দলের এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ। রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীতদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম হলেন রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার। রাজ্যের প্রশাসনিক স্তরে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পর এবার তাঁর এই রাজনৈতিক পদার্পণ বাংলার রাজনীতিতে যথেষ্ট প্রাসঙ্গিক। অন্যদিকে, বাবুল সুপ্রিয়কেও রাজ্যসভায় পাঠাতে চলেছে দল। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর বিধায়ক ও রাজ্যের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এবার তাঁকে পুনরায় সর্বভারতীয় রাজনীতির বড় মঞ্চে সুযোগ দিতে চলেছে তৃণমূল।
তবে এবারের প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক হিসেবে উঠে এসেছে টলিউডের প্রথম সারির অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম। এর আগে তৃণমূল কংগ্রেসের টিকিটে একাধিক তারকাকে সংসদে প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছে। কিন্তু কোয়েল মল্লিকের সক্রিয় রাজনীতিতে সরাসরি এই যোগদান নিঃসন্দেহে রাজ্য রাজনীতির একটি বড় খবর। বিনোদন জগতের এই উজ্জ্বল নক্ষত্র এবার সংসদের উচ্চকক্ষে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন। পাশাপাশি, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামীকে রাজ্যসভার প্রার্থী করে আইনি ও সাংবিধানিক লড়াইয়ে নিজেদের অবস্থান জাতীয় স্তরে আরও মজবুত করতে চাইছে শাসক দল। দেশের শীর্ষ আদালতে একাধিক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মামলায় তাঁর আইনি লড়াই তাঁকে বিশেষ পরিচিতি এনে দিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত