
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): শুক্রবারের ভূমিকম্পে গণেশচন্দ্র অ্যাভিনিউ এর একটি বহুতল এবং মেটকাফ স্ট্রিটের আরেকটি বহুতল কিছুটা হেলে পড়েছে বলে গুজব রটে। আতঙ্কে বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। ঘটনাস্থলে আসে দমকল। যদিও ওই দুই ঠিকানার বাসিন্দা এবং সেখানে থাকা অফিসের কর্মীরা জানান, দু'টি বহুতল বরাবরই সামান্য হেলে আছে। ভূমিকম্পের জেরে কিছু হয়নি। তবে এ বারের ভূমিকম্পের তীব্রতা অনেক বেশি ছিল বলে তাঁরা আতঙ্কে নীচে নেমে আসেন।
উল্লেখ্য, শুক্রবার দুপুর ১টা বেজে ২০ মিনিট নাগাদ থেকে কয়েক মিনিটের মধ্যে অন্তত দুবার কেঁপে ওঠে কলকাতা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫। কলকাতার উত্তর থেকে দক্ষিণ—বেশির ভাগ এলাকাতেই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। আচমকা কাঁপুনিতে আতঙ্কে বহু মানুষ বাড়ি ও অফিস থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। কেউ কেউ সিঁড়িতে দাঁড়িয়ে অপেক্ষা করেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ