নিয়োগ দুর্নীতি মামলা: অবশেষে ইডি-র মামলাতেও জামিন পেলেন শান্তি প্রসাদ সিনহা
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি. স.): স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ সংক্রান্ত অর্থপাচার মামলায় (মানি লন্ডারিং) অবশেষে স্বস্তি পেলেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চ তাঁর জাম
নিয়োগ দুর্নীতি মামলা: অবশেষে ইডি-র মামলাতেও জামিন পেলেন শান্তি প্রসাদ সিনহা


কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি. স.): স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ সংক্রান্ত অর্থপাচার মামলায় (মানি লন্ডারিং) অবশেষে স্বস্তি পেলেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেছে।

​আদালত তাঁকে পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে মুক্তির নির্দেশ দিয়েছে। তবে জামিন মিললেও তাঁর ওপর একাধিক কড়া শর্ত আরোপ করা হয়েছে। শর্তানুযায়ী, তাঁকে নিজের পাসপোর্ট জমা রাখতে হবে, স্থানীয় এলাকার বাইরে যাওয়া চলবে না এবং কোনওভাবেই সাক্ষীদের প্রভাবিত করা যাবে না। এছাড়া, তদন্তকারী আধিকারিককে তাঁর দুটি সক্রিয় মোবাইল নম্বর দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

​উল্লেখ্য, স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সাল থেকে বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন শান্তি প্রসাদ সিনহা। এর আগে সিবিআই-এর দায়ের করা মামলায় তিনি দেশের শীর্ষ আদালত (সুপ্রিম কোর্ট) থেকে জামিন পেয়েছিলেন। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অর্থপাচার মামলা ঝুলে থাকায় তাঁর মুক্তি মিলছিল না। শুক্রবারের এই নির্দেশের ফলে তাঁর কারামুক্তির পথ প্রশস্ত হল।

​ইডির অভিযোগ অনুযায়ী, অযোগ্য প্রার্থীদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল এবং এমনকি খালি উত্তরপত্র জমা দিয়েও নিয়োগের মতো ঘটনা ঘটেছে। এই বহুচর্চিত দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক শীর্ষকর্তার নাম জড়িয়েছে। হাইকোর্টের এই জামিনের নির্দেশে পুনরায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande