
হলদোয়ানি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরাখণ্ডের হলদোয়ানি সংলগ্ন লালকুঁয়াতে অবস্থিত লালকুয়াঁ–নৈনিতাল দুগ্ধ উৎপাদক সমবায় সংঘ লিমিটেডে নির্মাণাধীন ৮৫ কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা অত্যাধুনিক দুগ্ধ প্ল্যান্টে আকস্মিক পরিদর্শন করেন ডেয়ারি উন্নয়ন দফতরের পরিচালক অশোক কুমার জোশী। তিনি নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে প্ল্যান্টে ব্যবহৃত নির্মাণ সামগ্রী, যন্ত্রপাতি স্থাপন ও প্রযুক্তিগত প্রস্তুতি খতিয়ে দেখা হয়। পরিচালক জানান, এই প্রকল্প চালু হলে দুগ্ধ সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও বিপণন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং এর সরাসরি সুফল পাবেন স্থানীয় দুগ্ধ উৎপাদকরা। এছাড়াও দুগ্ধশালায় প্রস্তুত দুধ, পনির, ঘি ও অন্যান্য দুগ্ধজাত পণ্যের গুণমান ও পরিচ্ছন্নতা ব্যবস্থাও পরিদর্শন করা হয়। উৎপাদন ইউনিটে স্বাস্থ্যবিধি, গুণমান নিয়ন্ত্রণ ও প্যাকেজিং ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে তিনি স্পষ্ট জানান, মান ও স্বচ্ছতার ক্ষেত্রে কোনওরকম আপস করা যাবে না, যাতে ভোক্তাদের কাছে নিরাপদ ও বিশুদ্ধ পণ্য পৌঁছনো নিশ্চিত হয়।
এই সময় দুগ্ধ সংঘের সভাপতি জানান, প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা বিবেচনায় দ্রুত আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা প্রয়োজন, যাতে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কার্যক্রম শুরু করা যায়। পরিদর্শনকালে সংশ্লিষ্ট আধিকারিক ও দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য