
নবগ্রাম, ২৭ ফেব্রুয়ারি (হি. স.): মুর্শিদাবাদ জেলার নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসায় গাফিলতির অভিযোগে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নেয় স্বাস্থ্যকেন্দ্র চত্বর।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গুড়া পাসলা অঞ্চলের নতুনগ্রামের বাসিন্দা ২৬ বছর বয়সী সেলিনা বিবি বমি ও মাথা ঘোরার উপসর্গ নিয়ে শুক্রবার ওই স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন। পরিবারের অভিযোগ, রাতের দিকে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলেও সেখানে কোনও কর্তব্যরত চিকিৎসক উপস্থিত ছিলেন না। এমনকি নার্সদের বিরুদ্ধেও চরম দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন মৃতার পরিজনেরা। তাঁদের দাবি, সময়মতো সঠিক চিকিৎসা পরিষেবা মিললে এই অকাল মৃত্যু এড়ানো সম্ভব হত।
গৃহবধূর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও আত্মীয়রা। তাঁরা স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মীদের উপযুক্ত শাস্তি ও বিভাগীয় তদন্তের দাবি তোলেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে দীর্ঘক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় থমথমে ভাব বজায় রয়েছে। এই ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনিক সূত্রে খবর, স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত