
বান্দা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের বান্দা জেলার কামাসিন থানা এলাকার অন্তর্গত মাওয়াই গ্রামে রহস্যজনক পরিস্থিতিতে গুলিবিদ্ধ হয়ে এক ২৩ বছরের যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম দশরথ রাজপুত। ঘটনাটি ঘিরে পারিবারিক বিবাদের ইঙ্গিত মিলেছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার দুপুরে নিজের বাড়ির বাইরে বসে থাকার সময় দশরথের বাঁ পায়ে খুব কাছ থেকে গুলি লাগে। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে মাঠে থাকা তাঁর বাবা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ছেলেকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জেলা হাসপাতাল এবং পরে বাঁদা মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে , গুলিটি খুব কাছ থেকে ছোড়া হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের বিয়ে বিগত বছর পাশের গ্রাম লৌহাইয়ে হয়েছিল। ঘটনার দিন সকালে তাঁর স্ত্রী বাপের বাড়ি চলে যান। সেই সময় বাড়িতে একাই ছিলেন দশরথ।
কামাসিন থানার ভারপ্রাপ্ত আধিকারিক ভাস্কর মিশ্র জানান, প্রাথমিকভাবে ঘটনাটি দাম্পত্য বিবাদের সঙ্গে যুক্ত বলে মনে হচ্ছে। এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
এদিকে, বাবেরু সার্কেলের সহকারী পুলিশ আধিকারিক সৌরভ সিংহ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃতের বাড়ি থেকেই অস্ত্র উদ্ধার করা হয়েছে। সমস্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য