
কদমতলা (ত্রিপুরা), ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানার অন্তর্গত বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে দুই সহোদর ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি ১৫ বছরের এক নাবালক নিখোঁজ থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, ছোট ভাই সেলিম উদ্দিনের স্ত্রী আছিয়া বেগমকে মারধরের অভিযোগ উঠেছে বড় ভাই রিয়াজ উদ্দিনের স্ত্রী খালেদা বেগম ও মেয়ে সুহানা বেগমের বিরুদ্ধে। একইসঙ্গে সেলিম উদ্দিনের ১৫ বছরের ছেলে সামাজ উদ্দিনকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ।
অভিযোগ রয়েছে, ঘটনার জেরে রিয়াজ উদ্দিন ও তার ছেলে জাবের উদ্দিন সেলিম উদ্দিনের বাড়িতে ভাঙচুর চালান। তবে ঘটনার সময় সেলিম উদ্দিন বাড়িতে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। সংঘর্ষে দু’পক্ষের কয়েকজন আঘাতপ্রাপ্ত হন।
এদিকে, ঘটনার পর থেকেই সামাজ উদ্দিন নিখোঁজ রয়েছে বলে পরিবারের দাবি। তাকে খুঁজে না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
ঘটনার পর চুড়াইবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের পাশাপাশি দুই ভাইয়ের মধ্যে রাজনৈতিক মতপার্থক্যও রয়েছে, যা বিবাদের অন্যতম কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ