মোটরবাইকের ধাক্কায় মৃত্যু বিদ্যুৎ নিগম কর্মীর, শোকে স্তব্ধ বিলোনিয়া
বিলোনিয়া (ত্রিপুরা), ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়নের বিলোনিয়া মহকুমা কমিটির সদস্য নারায়ণ মজুমদার (৫২)। তিনি বিদ্যুৎ নিগমের ভাতখলা কল অফিসের কর্মী হিসেবে কর
মৃত্যু


বিলোনিয়া (ত্রিপুরা), ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়নের বিলোনিয়া মহকুমা কমিটির সদস্য নারায়ণ মজুমদার (৫২)। তিনি বিদ্যুৎ নিগমের ভাতখলা কল অফিসের কর্মী হিসেবে কর্মরত ছিলেন। সকলের কাছে ‘নারুদা’ নামে পরিচিত নারায়ণ মজুমদার ছিলেন সৎ, নিষ্ঠাবান ও জনপ্রিয় সংগঠক।

জানা গেছে, পি আর বাড়ি থানার অন্তর্গত কাশারি এলাকার বাসিন্দা নারায়ণ মজুমদার প্রতিদিনের মতো বৃহস্পতিবারও প্রায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে কর্মস্থল ভাতখলা কল অফিসে যাতায়াত করেন। ডিউটি শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বড়পাথরী–সোনামুড়া ভায়া কাশারি সড়কে একটি মোটরবাইক তাঁর সাইকেলের পিছনে সজোরে ধাক্কা দেয়। অভিযোগ, রাজনগর ব্লকে কর্মরত অঞ্জন দাসের টিআর ০৮ বি ৫৪৮৭ নম্বরের মোটরবাইকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়েন নারায়ণ মজুমদার। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে বড়পাথরী হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় আগরতলায় জিবিপি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

খবর পেয়ে জিবিপি হাসপাতালে ছুটে যান সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুধন দাস। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভাতখলা, কাশারি ও বড়পাথরী এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। শুক্রবার বিকেলে তাঁর মৃতদেহ কাশারির বাড়িতে পৌঁছালে স্ত্রী ও একমাত্র মেয়েসহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande