দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ১.৫ লক্ষ টাকার সহায়তা, ত্রিপুরায় চালু প্রধানমন্ত্রী রাহত প্রকল্প
আগরতলা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের তাৎক্ষণিক ও নির্বিঘ্ন চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে চালু হয়েছে ‘প্রধানমন্ত্রী রাহত প্রকল্প’। -এর অধীনে পরিচালিত এই প্রকল্পে দুর্ঘটনায় আহতদের হাসপাতালে সর্বোচ্চ সা
মন্ত্রী সুশান্ত চৌধুরী


আগরতলা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের তাৎক্ষণিক ও নির্বিঘ্ন চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে চালু হয়েছে ‘প্রধানমন্ত্রী রাহত প্রকল্প’। -এর অধীনে পরিচালিত এই প্রকল্পে দুর্ঘটনায় আহতদের হাসপাতালে সর্বোচ্চ সাতদিন চিকিৎসার জন্য সর্বাধিক ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। এর অতিরিক্ত ব্যয় সংশ্লিষ্ট পরিবারকে বহন করতে হবে।

বৃহস্পতিবার সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, পরিবহন, আরক্ষা ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসা শুরু করতে কোনও ধরনের দেরি বা প্রশাসনিক জটিলতা যেন না হয়, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, সম্প্রতি কেন্দ্রীয় সড়ক, যোগাযোগ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ি -এর সভাপতিত্বে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। রাজ্যে ইতিমধ্যে ৭টি বেসরকারি হাসপাতালসহ মোট ১৪১টি ছোট-বড় ও রাজ্যস্তরের হাসপাতাল এই প্রকল্পের আওতায় নথিভুক্ত হয়েছে। দুর্ঘটনায় আহতদের এসব হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা পরিষেবা শুরু করতে বিলম্ব করা যাবে না।

এছাড়া রাজ্যে পূর্ব থেকেই ‘রাহ-বীর স্কিম’ চালু রয়েছে। এই স্কিম অনুযায়ী দুর্ঘটনার প্রথম এক ঘণ্টার মধ্যে কেউ আহত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিলে সরকারিভাবে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ পর্যন্ত রাজ্যে ৯ জন এবং জাতীয় স্তরে ১ জন ডিএসপি এই সম্মান পেয়েছেন।

পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আশা প্রকাশ করে বলেন, এই প্রকল্প কার্যকর হলে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অনেকাংশে হ্রাস পাবে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক চাপ কমবে। তিনি জানান, রাজ্যে প্রকল্প চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পরিবহন দফতরের সচিব ইউ কে চাকমা, আইজি (আইনশৃঙ্খলা) মনচাক ইপ্পার, রাজ্য আয়ুষ-এর সিইও শরদ নায়ার এবং পরিবহন দফতরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande