
উদয়পুর (ত্রিপুরা), ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : সর্বহারার নেতা সেজে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করার অভিযোগ তুললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। শুক্রবার উদয়পুরের চন্দ্রপুর বালিকা বিদ্যালয়ে আয়োজিত মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন।
রাজীব ভট্টাচার্য দাবি করেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন মানিক সরকার নিজে ফিতা কেটে একাধিক চিটফান্ড সংস্থার উদ্বোধন করেছিলেন এবং দলীয় তহবিল ও ব্যক্তিগত স্বার্থে সাধারণ মানুষের অর্থ লুটপাটের সুযোগ করে দিয়েছিলেন। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে সিপিআই(এম) বা মানিক সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিজেপি বিশ্বের সর্ববৃহৎ জনসমর্থিত রাজনৈতিক দল, যেখানে তৃণমূল স্তরের কর্মী তথা পৃষ্ঠা প্রমুখদের দলগঠনের প্রধান কারিগর হিসেবে সম্মান দেওয়া হয়। আগামী ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। তাঁর কথায়, পৃষ্ঠা প্রমুখরাই হবেন সেই জয়ের মূল কারিগর।
অনুষ্ঠানের শুরুতে বিধায়ক অভিষেক দেবরায় ও রাজীব ভট্টাচার্য উপস্থিত কর্মীদের ফুল ছিটিয়ে বরণ করে নেন। সম্মেলনে এমডিসি সম্রাট জমাতিয়া, গোমতী জেলা বিজেপি-এর সভানেত্রী সবিতা দেব রায়, সংখ্যালঘু নেতা রফিক মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ