কদমতলায় পানীয় জলের দাবিতে বিকল্প জাতীয় সড়ক অবরোধ
কদমতলা (ত্রিপুরা), ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : পানীয় জলের তীব্র সংকটের প্রতিবাদে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা শুক্রবার বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। প্রায় দেড় ঘণ্টা ধরে সড়ক অবরুদ্ধ থাকায় যান চ
বিকল্প জাতীয় সড়ক অবরোধ


কদমতলা (ত্রিপুরা), ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : পানীয় জলের তীব্র সংকটের প্রতিবাদে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা শুক্রবার বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। প্রায় দেড় ঘণ্টা ধরে সড়ক অবরুদ্ধ থাকায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং উভয় দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েতের অন্যান্য এলাকায় পানীয় জলের ব্যবস্থা থাকলেও ৩ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে পানীয় জল থেকে বঞ্চিত। রমজান মাস চলায় ভোর থেকে রাত পর্যন্ত রোজা পালনকারীদের জন্য জলের প্রয়োজনীয়তা বেড়ে যাওয়ায় সমস্যাটি আরও প্রকট আকার ধারণ করেছে বলে দাবি বিক্ষোভকারীদের। দ্রুত স্থায়ী সমাধানের দাবিতে তাঁরা সড়কে নেমে অবরোধ কর্মসূচি গ্রহণ করেন।

খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে। প্রশাসনের তরফে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়।

এদিকে, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আশ্বাসে নয়—দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমেই পানীয় জলের স্থায়ী সমাধান দেখতে চান তাঁরা। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande