
আগরতলা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : জনগণের প্রতি দায়িত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করাই জনপ্রতিনিধিদের প্রধান কর্তব্য বলে মন্তব্য করেছেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু। শুক্রবার আগরতলায় প্রজ্ঞা ভবন-এ 'সকল শ্রেণির জনগণের প্রতি জনপ্রতিনিধিদের দায়িত্ব ও জবাবদিহিতা' শীর্ষক সেমিনার ও কর্মশালার উদ্বোধন করে তিনি বলেন, দেশের সংবিধান কেবল আইনি দলিল নয়, এটি নাগরিকের ন্যায়, সমতা ও স্বাধীনতার পথপ্রদর্শক। উন্নয়নের সুফল সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াই জনপ্রতিনিধিদের গুরুদায়িত্ব।
রাজ্যপাল বলেন, রাজ্যকে পূর্ণ সাক্ষর ঘোষণা করা হয়েছে। এখন গুণগত শিক্ষার পরিবেশ গড়ে তোলা এবং নারী ক্ষমতায়নে আরও জোর দেওয়া প্রয়োজন। বর্তমানে রাজ্যে বহু মহিলা 'লাখপতি দিদি' হিসেবে আত্মপ্রকাশ করেছেন এবং এক লক্ষের বেশি মহিলা উদ্যোক্তা তৈরি হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। কৃষিনির্ভর রাজ্যে কৃষকদের কল্যাণে সরকারি প্রকল্পের সুবিধা যথাযথভাবে পৌঁছচ্ছে কিনা, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা বলেন, জবাবদিহিতাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি। জনগণের সম্মান রক্ষা, শালীন আচরণ বজায় রাখা এবং সারা বছর মানুষের পাশে থাকাই একজন জনপ্রতিনিধির প্রকৃত পরিচয়। তিনি বলেন, নৈতিকতা, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত মানসিকতার মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে উল্লেখ করে তিনি সকল জনপ্রতিনিধিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং বলেন, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সংসদীয় গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধি ও স্বচ্ছ শাসনব্যবস্থা গড়ে তোলাই এর লক্ষ্য।
অনুষ্ঠানে সাংসদ, মন্ত্রী ও বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেমিনারটি গণতন্ত্রকে আরও স্বচ্ছ ও জনমুখী করে তোলার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করা হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ