মদ্যপ অবস্থায় ডিউটি ও শিশুকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগে উত্তেজনা শামসী গ্রামীণ হাসপাতালে
মালদা, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : মালদার শামসী গ্রামীণ হাসপাতালে কর্মরত এক চিকিৎসকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি করা এবং দেড় বছরের এক শিশুকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার গভীর রাতে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ও ভাঙ
মদ্যপ অবস্থায় ডিউটি ও শিশুকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগে উত্তেজনা শামসী গ্রামীণ হাসপাতালে


মালদা, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : মালদার শামসী গ্রামীণ হাসপাতালে কর্মরত এক চিকিৎসকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি করা এবং দেড় বছরের এক শিশুকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার গভীর রাতে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ও ভাঙচুরের পরিস্থিতি তৈরি হয়।

ঘটনা সূত্রে জানা গিয়েছে, শামসীর কাণ্ডারণ এলাকার বাসিন্দা কান্নু কর্মকারের দেড় বছর বয়সী মেয়ের হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে শামসী গ্রামীণ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরিবারের অভিযোগ, সেই সময় কর্তব্যরত চিকিৎসক মদ্যপ অবস্থায় ছিলেন এবং সঠিক পরীক্ষা না করেই শিশুটিকে একটি ওষুধ দিয়ে দেন।

অভিযোগ, ওষুধ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। এতেই ক্ষিপ্ত হয়ে স্বজনরা হাসপাতালে বিক্ষোভ শুরু করেন। চিকিৎসকের মদ্যপ থাকার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারাও হাসপাতালে ভিড় জমান এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তৎক্ষণাৎ চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, যেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে।

রতুয়া-১ ব্লকের বিএমওএইচ ডাঃ রাকেশ কুমার জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande