
বাঁকুড়া, ২৮ ফেব্রুয়ারি (হি. স.): রাজ্য জুড়ে বিজেপির রাজ্যজুড়ে বিজেপি-র ‘পরিবর্তন যাত্রা’ শুরু হচ্ছে রবিবার। দক্ষিণবঙ্গের কুলটি থেকে শুরু হওয়া এই যাত্রা আগামী ৮ মার্চ বাঁকুড়া সাংগঠনিক জেলায় প্রবেশ করবে।
বিজেপি সূত্রে জানানো হয়েছে, শালতোড়া বিধানসভা এলাকায় প্রবেশের পর দু’দিন ধরে যাত্রাটি ছাতনা ও রানিবাঁধ হয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার দিকে অগ্রসর হবে। শনিবার বাঁকুড়ায় বিজেপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত জানান বিজেপির রাজ্য কমিটির সদস্য সৌগত পাত্র এবং জেলা সম্পাদক দীপক দাস।
তাঁরা বলেন, দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের পর তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলেও রাজ্যজুড়ে অপশাসন, দুর্নীতি এবং সরকারি কোষাগার লুঠের অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতি থেকে রাজ্যবাসীকে মুক্ত করতেই বিজেপির পক্ষ থেকে ‘পরিবর্তন যাত্রা’র আয়োজন করা হয়েছে।
নেতৃত্বের দাবি, এই যাত্রাপথে প্রায় এক কোটি মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরা এবং স্থানীয় লেখক-শিল্পীদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলাও এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। বিজেপি নেতৃত্ব আরও জানান, রাজ্যের মোট ন’টি প্রান্ত থেকে ‘পরিবর্তন যাত্রা’ শুরু হবে এবং এই কর্মসূচির মাধ্যমেই রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের সূচনা হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট