
বাঁকুড়া, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বাঁকুড়া জেলায় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়াকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, জেলায় মোট ১ লক্ষ ৩৫ হাজার ৩০০ জন ভোটারের নাম বাদ পড়েছে।
শনিবার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, খসড়া ভোটার তালিকায় প্রথম দফায় প্রায় ১ লক্ষ ৩২ হাজার ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল। পরে দাবি-আপত্তি ও শুনানি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত তালিকায় আরও ৩ হাজার ৩০০ জনের নাম বাদ পড়ে। ফলে সব মিলিয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ৩০০।
চূড়ান্ত তালিকা প্রকাশের পরই নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান তুলে প্রতিবাদে নামে তৃণমূল কংগ্রেস। দলের অভিযোগ, বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশন কাজ করেছে এবং প্রকৃত ভোটারদের নাম পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। এই বিক্ষোভ কর্মসূচিতে নাম বাদ পড়া একাধিক ভোটারও অংশ নেন।
বাঁকুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ কাশিম অভিযোগ করেন, শুনানিতে তাঁকে ডাকা হলেও সরকারি চাকরি ও পেনশনের নথি জমা দেওয়ার পরও তাঁর নাম তালিকায় রাখা হয়নি। একই ওয়ার্ডে আটজন প্রকৃত ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ তুলে কাউন্সিলর রাজীব দে ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে সামিল হন।
তবে সাধারণ মানুষের একাংশের মধ্যে বিষয়টি নিয়ে বিশেষ উদ্বেগ লক্ষ্য করা যায়নি। তাঁদের বক্তব্য, বিপুল সংখ্যক নাম বাদ পড়ার তথ্য তাঁদের বিস্মিত করেছে, তবে একই সঙ্গে তাঁরা চান—কোনও প্রকৃত ভারতীয় নাগরিকের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়।
বাঁকুড়া শহরের মাচানতলা, মিনি মার্কেট, স্কুলভাঙা, রানীগঞ্জ মোড়, লালবাজার, ফিডার রোড, প্রতাপবাগান ও কেন্দুয়াডিহি এলাকায় বাসিন্দাদের একাংশের মত, এতদিন যদি লক্ষাধিক অবৈধ নাম তালিকায় থেকে থাকে, তবে ভোটার তালিকা সংশোধন (এসআইআর ) প্রক্রিয়া প্রয়োজনীয় ছিল। তাঁদের মতে, এই প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি সামনে এসেছে।
প্রসঙ্গত, বাঁকুড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে চূড়ান্ত ভোটার তালিকা টাঙানো হয়েছে। তালিকার হার্ড কপি জেলা প্রশাসন, ডিএম ও বিডিও অফিসে অফলাইনে পাঠানো হয়েছে।
জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক জানিয়েছেন, চূড়ান্ত তালিকা অনুযায়ী বাঁকুড়া জেলায় বর্তমানে ২৯ লক্ষ ১১ হাজার ৬২৬ জন প্রকৃত ভোটার রয়েছেন। ভোটের মুখে এত বড় সংখ্যক নাম বাদ পড়ায় বিষয়টি ঘিরে জেলাজুড়ে জোর চর্চা শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট