
দুর্গাপুর, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): বিশেষ নিবিড় সংশোধনের তালিকা প্রকাশের প্রাক্কালে শিল্পশহর দুর্গাপুরে উত্তেজনা ছড়াল। শুক্রবার রাতে দুর্গাপুর পূর্ব বিধানসভা এলাকার রানাপ্রতাপ রোডে এক বিজেপি নেত্রীর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ ওঠে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ তদন্ত শুরু করেছে।
অভিযোগ অনুযায়ী, দুর্গাপুর পূর্ব বিধানসভার ১ নম্বর মণ্ডলের সম্পাদক শাশ্বতী গিরির বাড়ির সামনে শুক্রবার রাত প্রায় ন’টা নাগাদ দুষ্কৃতীরা বোমা ছুঁড়ে পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর আশপাশের এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে।
শাশ্বতী গিরি জানান, বাড়িতে বয়স্ক সদস্যরা থাকেন। আচমকা বিকট শব্দে ঘর কেঁপে ওঠে। বাইরে বেরিয়ে দেখা যায় বাড়ির সামনে ধোঁয়ায় ভরে গিয়েছে। এরপরই পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বিজেপি নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছান। বিজেপির দুর্গাপুর–বর্ধমান সাংগঠনিক জেলার সহ-সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জির অভিযোগ, ভোটের আগে শহরবাসীকে ভীতসন্ত্রস্ত করতেই এই ঘটনা ঘটানো হয়েছে। তিনি অবিলম্বে দোষীদের গ্রেফতার এবং এলাকায় তল্লাশি অভিযানের দাবি জানান।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দলের জেলা সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তাঁর দাবি, বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ধরনের অভিযোগ উঠছে। শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা