
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : শনিবার জাতীয় বিজ্ঞান দিবস। এই বিশেষ দিনটিতে দেশজুড়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপিত হচ্ছে। বিজ্ঞানী থেকে শুরু করে বিজ্ঞানের গবেষণার সঙ্গে যুক্ত সকলেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছেন। কলকাতায় বসু বিজ্ঞান মন্দিরেও এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স' হ্য়ান্ডেলে এক বার্তায় শনিবার লিখেছেন, জাতীয় বিজ্ঞান দিবসের এই উপলক্ষে আমাদের সকল বিজ্ঞানী, গবেষক এবং ছাত্রসমাজের মেধাবী তরুণ মস্তিষ্কদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
উল্লেখ্য, চলতি বছরে জাতীয় বিজ্ঞান দিবসের থিম হলো— উইমেন ইন সায়েন্স: ক্যাটালাইজিং বিকশিত ভারত, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়— বিজ্ঞানে নারী: বিকশিত ভারতের অনুঘটক। এই প্রতিপাদ্য বিষয়ের মূল লক্ষ্য হলো বৈজ্ঞানিক সম্প্রদায়ে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং একটি উন্নত ভারত গঠনে তাঁদের অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়া।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত