
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : এসইউসিআই (কমিউনিস্ট) জেলা জুড়ে বিক্ষোভ এবং আগামী ২ মার্চ নির্বাচনী দফতরে ডেপুটেশনের ডাক দিয়েছে। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিস্তারিত জানানো হয়েছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সম্প্রতি প্রকাশিত ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) তথা ভোটার তালিকায় বিশেষ সংশোধনী কাজের নামে উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার অভিযোগে এদিন কড়া প্রতিক্রিয়া জানাল এসইউসিআই (কমিউনিস্ট)। নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী, ইতিমধ্যে ৫৮ লক্ষ ২০ হাজারের বেশি ভোটারের নাম বাদ পড়েছে এবং আরও প্রায় সাড়ে পাঁচ লক্ষ নাম নতুনভাবে বাদ দেওয়া হয়েছে। বিশেষত, সুপ্রিম কোর্ট নিযুক্ত বিচারকদের বিচারাধীন থাকা ৬০ লক্ষাধিক ভোটারের মধ্যে অনেকের নাম একাধিক শুনানির পরও মূল তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।
এসইউসিআই (কমিউনিস্ট) এই প্রসঙ্গে জানিয়েছে যে, এই ধরনের অনিশ্চয়তার ফলে প্রভাবিত মানুষজন চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণকান্তি নস্কর বলেন, “SIR-এর কারণে কোনও যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায়, এই দাবি আমরা আগেও জানিয়েছি।”
এদিন মূলত তাঁদের উদ্যোগেই জেলা জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। আগামী ২ মার্চ দুপুর ২টোয় রাজ্য কমিটির পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হবে। সাধারণ মানুষের কাছে এই ডেপুটেশন সফল করতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত