কলকাতা পুরসভায় ৫৮ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : কলকাতা পুরসভায় ৫৮ জন সহকারী ইঞ্জিনিয়ার (অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার) নিয়োগ প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল মহামান্য কলকাতা হাইকোর্ট। গত ২৬ ফেব্রুয়ারি একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে আদালত জা
কলকাতা পুরসভায় ৫৮ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট


কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : কলকাতা পুরসভায় ৫৮ জন সহকারী ইঞ্জিনিয়ার (অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার) নিয়োগ প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল মহামান্য কলকাতা হাইকোর্ট। গত ২৬ ফেব্রুয়ারি একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে আদালত জানিয়েছে, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রস্তাবিত নিয়োগ কার্যকর করা বা এ বিষয়ে চূড়ান্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না।

'কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশন'-এর দায়ের করা রিট পিটিশনের প্রেক্ষিতে এই নির্দেশ এসেছে। অভিযোগ উঠেছে, সহকারী ইঞ্জিনিয়ার পদের প্রচলিত নিয়োগ বিধিমালা যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করেই পরিবর্তন করা হয়েছে এবং সেই সংশোধিত বিধির ভিত্তিতেই তড়িঘড়ি ৫৮ জনকে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। আবেদনকারীদের দাবি, এই পদক্ষেপ প্রশাসনিক স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতার পরিপন্থী।

আদালত স্পষ্ট করে জানিয়েছে যে, সংশ্লিষ্ট এই নিয়োগ প্রক্রিয়া মামলার চূড়ান্ত রায়ের ওপর নির্ভরশীল থাকবে। ফলে বর্তমানে এই নিয়োগ প্রক্রিয়ায় কার্যত স্থগিতাদেশ বহাল রইল।

অন্যদিকে, সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রতিষ্ঠিত পরিষেবা-সংক্রান্ত নীতিমালা ও আইনের শাসন রক্ষার স্বার্থেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁরা আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন এবং চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছেন।

উল্লেখ্য, এই নিয়োগ প্রক্রিয়া ঘিরে ইতিমধ্যেই পুরসভার অন্দরমহলে জোর চর্চা শুরু হয়েছে। তবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (কেএমসি) সূত্রে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande