
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.): হোলি উৎসবকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে বিশেষ প্রস্তুতি নিল পূর্ব রেল। হাওড়া ও শিয়ালদহের ব্যস্ত টার্মিনাস থেকে আসানসোল ও মালদা পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে নেওয়া হয়েছে বহুস্তরীয় ব্যবস্থা। শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানায় পূর্ব রেল।উৎসবের সময় ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে বড় স্টেশনগুলিতে চালু করা হয়েছে বিশেষ ‘হোল্ডিং এরিয়া’। প্ল্যাটফর্ম ঘোষণার আগে যাত্রীরা সেখানে অপেক্ষা করতে পারবেন। এসব এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ও অস্থায়ী মেডিক্যাল বুথ রাখা হয়েছে জরুরি পরিস্থিতি মোকাবিলায়। পাশাপাশি ‘মে আই হেল্প ইউ’ কাউন্টারে বাড়ানো হয়েছে কর্মীসংখ্যা এবং আধিকারিকদের ২৪ ঘণ্টার শিফটে মোতায়েন করা হয়েছে।টিকিট কাউন্টারে ভিড় কমাতে অনারক্ষিত টিকিটের জন্য এম-ইউটিএস অ্যাপ ব্যবহারে উৎসাহ দিচ্ছে রেল। ডিজিটাল ডিসপ্লে বোর্ড ও ঘনঘন স্পষ্ট ঘোষণা করে যাত্রীদের আপডেট দেওয়া হচ্ছে। নিরাপত্তায় জোর দিয়ে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আরপিএফ জওয়ান। সিসিটিভি নজরদারি জোরদার করার পাশাপাশি বেআইনি টিকিট বেচাকেনা রুখতে চলছে বিশেষ অভিযান। চাহিদা মেটাতে চালানো হচ্ছে একাধিক হোলি স্পেশাল ট্রেন, যা বাংলা থেকে বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের সঙ্গে সংযোগ বজায় রাখছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়