
পশ্চিম সিংভূম, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার মুফাসিল থানার অন্তর্গত এলাকায় চার বছরের শিশুর অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনার কিনারা করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নিজের অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, খুন্তপানি গ্রামের বাসিন্দা বলেমা হেমব্রম তাঁর চার বছরের ছেলে নিখোঁজ হওয়ার ঘটনায় মুফাসিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রুজু করা হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপারের নির্দেশে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ, প্রযুক্তিগত তথ্য এবং গোপন সূত্রের ভিত্তিতে তদন্ত চালিয়ে চক্রধরপুর থানার অন্তর্গত ইচিন্ডা তোলা উলিডিহ এলাকার বাসিন্দা দেবেন্দ্র বোদরা (৩১)-কে গ্রেফতার করা হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে, সে শিশুটির সঙ্গে যৌন নির্যাতনের চেষ্টা করেছিল। শিশুটি প্রতিরোধ করায় অভিযুক্ত পাথর দিয়ে আঘাত করে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযুক্তের দেওয়া তথ্য অনুযায়ী চুইগুটু পাহাড় এলাকা থেকে শিশুটির দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত পাথরও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পূর্বেও অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য