
পুঞ্চ, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধার মহকুমার বালনই অঞ্চলে নিয়ন্ত্রণরেখার (এলওসি) অত্যন্ত কাছে ন’টি পুরনো ও জং ধরা অবিস্ফোরিত গোলাবারুদ উদ্ধার করল ভারতীয় সেনা ও পুলিশ। শনিবার এক যৌথ অভিযানের মাধ্যমে এই বিপজ্জনক বিস্ফোরকগুলি চিহ্নিত করা হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জনবসতিপূর্ণ এলাকার কাছাকাছি এই গোলাবারুদ পাওয়ার খবর আসতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বোমা নিষ্ক্রিয়করণ দল (বিডিএস)। নির্ধারিত নিরাপত্তা বিধি মেনে জনশূন্য স্থানে অত্যন্ত সতর্কতার সঙ্গে ওই ন’টি গোলাকেই নিরাপদে ধ্বংস করা হয়েছে। এই ঘটনায় কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তার খাতিরে কড়া সতর্কতা জারি করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকাটি এখন নিরাপদ বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য