
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নদিয়া জেলার সীমান্ত শহর করিমপুর। সেখানেই বসছে ষষ্ঠ লিটল ম্যাগাজিন মেলা। করিমপুর থেকে প্রকাশিত সাহিত্যপত্রিকা ‘দর্পণ মুখের খোঁজে’-র উদ্যোগে আগামী ৬-৮ মার্চ তিন দিনব্যাপী ওই মেলাটি অনুষ্ঠিত হতে চলেছে করিমপুরের শরৎ স্মৃতি নাট্য সংস্থার ময়দানে।
প্রথম দিনের মেলায় উদ্বোধনী পর্বে সাহিত্যিক তমাল বন্দ্যোপাধ্যায় আসন অলঙ্কৃত করবেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, উদ্বোধনী মঞ্চেই ‘কবি যতীন্দ্রমোহন বাগচী স্মৃতি পুরস্কার’ প্রদান করা হবে। এবছর মেলাটি সপ্তম বর্ষে পদার্পণ করছে। সেই সূত্রে ওই সম্মান বজায় রাখতেই এমন ভাবনা।
কাব্যগ্রন্থ ‘হৃদয়সংহিতা’-র জন্য সম্মানপ্রাপক কবি অদিতি বসু রায়। প্রবন্ধ সাহিত্যে ‘জলের ইতিকথা নদীর উপকথা’ গ্রন্থের জন্য সম্মান পাচ্ছেন সাহিত্যিক সুপ্রতিম কর্মকার। এছাড়া লিটল ম্যাগাজিনে বিশেষ অবদানের জন্য ‘আনন্দম’ পত্রিকার সম্পাদক রামপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম সংবর্ধনার তালিকায় রয়েছে।
তিন দিন ধরেই থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে আঁকো ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। মঞ্চে পরিবেশিত হবে বাংলার সুপ্রাচীন ঐতিহ্য ‘হ্যাঁচো’ গানও। সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের এই মিলন মেলায় বর্তমানে করিমপুর সরগরম।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত