
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ড.
রাজেন্দ্র প্রসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার দেশজুড়ে তাঁকে স্মরণ করছে
ভারতবাসী। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম
‘এক্স’ হ্যান্ডেলে এক বার্তার মাধ্যমে এই মহান জননেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন
করেছেন।
মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় লিখেছেন: আজকের
এই দিনে তাঁর কথা মনে পড়ছে; এই
মৃত্যুবার্ষিকীতে জানাই সশ্রদ্ধ প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি।
উল্লেখ্য, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন নেতা তথা প্রথিতযশা এই আইনজীবী
ছিলেন ‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত। রাজেন্দ্র প্রসাদের শিক্ষাজীবন ছিল অত্যন্ত
উজ্জ্বল। ১৮৯৬ সালে ছাপড়ার স্কুলে ভর্তি হওয়ার পর তাঁর পরবর্তী শিক্ষা সম্পন্ন হয়
পাটনায়। প্রসঙ্গত, কলকাতা
বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় তিনি প্রথম স্থান অর্জন করেন এবং মেধা
বৃত্তি লাভ করেন। ১৯০২ সালে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি
হন। কর্মজীবনে বিভিন্ন স্থানে শিক্ষকতা করার পাশাপাশি ১৯১৬ সালে তিনি আইনজীবী
হিসেবে ওড়িশা ও বিহার হাইকোর্টে পেশাদার জীবন শুরু করেন। ভারতের স্বাধীনতা
আন্দোলনে তাঁর অবদান এবং স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে তাঁর বলিষ্ঠ
নেতৃত্ব আজও দেশবাসীর কাছে অনুপ্রেরণা।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন