
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে শনিবার বঙ্গীয় বিজ্ঞান পরিষদ সভাগৃহে ছায়ানট (কলকাতা)-এর উদ্যোগে ‘নজরুলের বিজ্ঞান-চেতনা’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিন ঘণ্টার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু নজরুলপ্রেমী, সাহিত্যিক ও শিক্ষাবিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গীয় বিজ্ঞান পরিষদের কর্মসচিব ড. শতাব্দী দাশ।
ছায়ানটের সভাপতি সোমঋতা মল্লিক তাঁর বক্তব্যে ‘বিজ্ঞানমনস্ক নজরুল’-এর স্বরূপ তুলে ধরেন। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম ‘সংকল্প’ কবিতায় লিখেছেন— ‘পাতাল ফেড়ে নামব নীচে, উঠব আবার আকাশ ফুঁড়ে; / বিশ্ব-জগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে।’ বর্তমান প্রযুক্তি আমাদের প্রায় সকলকেই এই সম্ভাবনা এনে দিয়েছে। কৌতূহল যেমন প্রশ্নের জন্ম দেয়, তেমনই তা বিশ্লেষণ করতেও শেখায়—নজরুলের চিন্তাধারা সেই পথের দিশারী।
পীতম ভট্টাচার্যের পরিচালনায় ‘কথাশিল্প আবৃত্তি চর্চা কেন্দ্র’-এর শিল্পীরা নজরুলের সাম্যবাদী ও প্রার্থনা কবিতা আবৃত্তি করেন। এছাড়া উৎপল চৌধুরী, রাজশ্রী বসু, সুরজিৎ সেন, শিউলি ভট্টাচার্য ও অনিন্দিতা ঘোষ প্রমুখ এককভাবে কবিতা পরিবেশন করেন। শিশুশিল্পী আর্যদ্যুতি ও অর্ঘ্যদ্যুতি ঘোষের আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে। ইন্দ্রাণী নাগ ও সৌমিত্র শূরের যৌথ পরিবেশনা অনুষ্ঠানটিকে আরও সমৃদ্ধ করে তোলে।
সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন সোমঋতা মল্লিক ও পীতম ভট্টাচার্য।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত