আইসিসিআর-এ ‘পেইন্টোগ্রাফি’ প্রদর্শনী, শিল্প ও সামাজিক দায়বদ্ধতার অনন্য মেলবন্ধন
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : অন্তর্ভুক্তিমূলক শিল্পচর্চাকে সামনে রেখে দুই দিনব্যাপী শহরের আইসিসিআর-এর যামিনী রায় হলে আয়োজিত হলো ‘পেইন্টোগ্রাফি’ শীর্ষক এক বিশেষ প্রদর্শনী। এই প্রদর্শনীর মূল উদ্যোক্তা ছিল ‘হ্যালো হেরিটেজ’। শিল্প ও সামাজিক দা
আইসিসিআর-এ ‘পেইন্টোগ্রাফি’ প্রদর্শনী, শিল্প ও সামাজিক দায়বদ্ধতার অনন্য মেলবন্ধন


কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : অন্তর্ভুক্তিমূলক শিল্পচর্চাকে সামনে রেখে দুই দিনব্যাপী শহরের আইসিসিআর-এর যামিনী রায় হলে আয়োজিত হলো ‘পেইন্টোগ্রাফি’ শীর্ষক এক বিশেষ প্রদর্শনী। এই প্রদর্শনীর মূল উদ্যোক্তা ছিল ‘হ্যালো হেরিটেজ’।

শিল্প ও সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধনে সাজানো এই প্রদর্শনীতে প্রাধান্য পেয়েছে প্রাকৃতিক দৃশ্যভিত্তিক চিত্রকর্ম, আলোকচিত্র এবং ওড়িশার ঐতিহ্যবাহী মধুবনী শিল্পের নানা সম্ভার।

​প্রদর্শনীর অন্যতম প্রধান আকর্ষণ ছিল হাতে আঁকা শাড়ির সংগ্রহ। ঐতিহ্যবাহী বস্ত্রকে ক্যানভাস হিসেবে ব্যবহার করে শিল্পীরা সেখানে নকশা ও রঙের বৈচিত্র্য ফুটিয়ে তোলেন। আয়োজকদের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল বিশেষভাবে সক্ষম শিল্পীদের জন্য একটি পেশাদার মঞ্চ তৈরি করা, যেখানে সকল স্তরের শিল্পীরা তাঁদের প্রতিভা প্রকাশের সমান সুযোগ পান।

​প্রদর্শনীর শেষ দিনে ২৫ জন অংশগ্রহণকারীকে উৎকর্ষের শংসাপত্র প্রদান করা হয়। উল্লেখ্য, শুক্রবার এই প্রদর্শনীর সূচনা হয়েছিল এবং শনিবার সমাপ্তি পর্বে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সংগঠনের কিউরেটর রেশমি চট্টোপাধ্যায় জানান, শিল্পের জগতে সব বাধা অতিক্রম করে সকলের জন্য একটি সহায়ক পরিসর গড়ে তোলাই তাঁদের প্রধান উদ্দেশ্য। ঐতিহ্য ও আধুনিকতার সেতুবন্ধনে স্থানীয় শিল্পীদের ক্ষমতায়নের বার্তা নিয়েই এই বিশেষ আয়োজন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande