
জলপাইগুড়ি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): আলুর বন্ড বিতরণকে কেন্দ্র করে শনিবার ভোরে জলপাইগুড়িতে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ল। জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর কোল্ড স্টোরেজের সামনে রাত থেকেই বন্ড পাওয়ার আশায় কৃষকদের দীর্ঘ লাইন পড়েছিল।
ভোর হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিড় বাড়তে থাকায় লাইনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের সঙ্গেও কৃষকদের বচসা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, লাইনের শৃঙ্খলা ভেঙে যাওয়ার পর শতাধিক কৃষক জোরপূর্বক কোল্ড স্টোরেজ চত্বরের ভেতরে ঢুকে পড়েন।
পরিস্থিতি উত্তপ্ত দেখে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ সাময়িকভাবে বন্ড বিতরণ প্রক্রিয়া বন্ধ করে দেয়। এর প্রতিবাদে ক্ষুব্ধ কৃষকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
কৃষকদের অভিযোগ, পর্যাপ্ত পরিমাণে বন্ড দেওয়া হচ্ছে না, যার ফলে প্রতি বছরই এমন অব্যবস্থা ও ভোগান্তির শিকার হতে হয় তাঁদের। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সমাধানের জন্য কৃষকদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি