
আগরতলা, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : নিয়মিত রাত্রিকালীন প্রহরার গাফিলতির অভিযোগের মধ্যেই আবারও চুরির ঘটনায় উত্তাল হয়ে উঠেছে মধুপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়। গত কয়েক মাসে এই বিদ্যালয়ে পরপর দুইবার চুরির ঘটনা ঘটল। প্রথমবারের ঘটনা নীরবে ধামাচাপা পড়ে গেলেও এবার পরিস্থিতি আর চেপে রাখা সম্ভব হচ্ছে না বলে স্থানীয়দের দাবি।
অভিযোগ, বিদ্যালয়ের দুই নাইট গার্ড নিয়মিতভাবে দায়িত্ব পালন করছেন না। তাঁদের মধ্যে একজন নির্মল দেববর্মা, যিনি শাসকদলীয় পঞ্চায়েতের বুথ সভাপতি এবং এক পঞ্চায়েত সদস্যের স্বামী। অপরজন ধ্রুব সাহা। এই রাজনৈতিক প্রভাবের কারণেই শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, শুক্রবার গভীর রাতে একদল দুষ্কৃতী বিদ্যালয়ে হানা দেয়। তারা এক-দুটি নয়, পরপর ৮ থেকে ১০টি কক্ষের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। প্রিন্সিপালের কক্ষ, সহকারী প্রিন্সিপালের কক্ষ, লাইব্রেরি, রান্নাঘর, কম্পিউটার রুমসহ একাধিক ঘরের আলমারি ভেঙে তছনছ করে ফেলে। মূল্যবান সামগ্রী চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, যদিও ঠিক কী কী সামগ্রী বা কত টাকার জিনিসপত্র চুরি হয়েছে তা এখনও নির্দিষ্ট করে জানা যায়নি।
শনিবার সকালে শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে এসে ভাঙা তালা ও এলোমেলো অবস্থার চিত্র দেখে হতবাক হয়ে পড়েন। এদিন বিদ্যালয়ের প্রিন্সিপাল উপস্থিত না থাকলেও সহকারী প্রিন্সিপাল এসে পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি জানান, মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। নাইট গার্ডরা সেদিন আদৌ দায়িত্বে উপস্থিত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হবে। দায়িত্বে গাফিলতির প্রমাণ মিললে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সবচেয়ে বিস্ময়কর বিষয়, যে ঘরে নাইট গার্ডরা সাধারণত রাত্রিযাপন করেন, সেই ঘরের তালাও ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ফলে সংশ্লিষ্ট রাতে তারা বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না বলেই প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক মহল ও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ