
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : রাজ্যসভার সাংসদ পদের লড়াইয়ে বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী-কে প্রার্থী করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। নির্বাচিত হলে তিনি দেশের প্রথম 'প্রকাশ্য সমকামী' সাংসদ হতে পারেন—এমনই জল্পনায় সরগরম রাজনৈতিক মহল। জাতীয় আইন বিদ্যালয় থেকে পড়াশোনার পর হার্ভার্ড ও অক্সফোর্ডে উচ্চশিক্ষা এবং পরবর্তীতে দেশের শীর্ষ আদালত তথা সুপ্রিম কোর্টে দীর্ঘ অভিজ্ঞতা—সব মিলিয়ে তিনি প্রথিতযশা সাংবিধানিক আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।
তাঁর পিতা মোহন গুরুস্বামী প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত ছিলেন। পেশাগত জীবনে ছত্তিশগড়ের সলওয়া জুডুম মামলা থেকে মণিপুরের ভুয়ো সংঘর্ষ ইস্যু—বহু মানবাধিকার প্রশ্নে সওয়াল করেছেন মেনকা। এছাড়া আগুস্তা ওয়েস্টল্যান্ড মামলায় প্রাক্তন বায়ুসেনা প্রধান এস. পি. ত্যাগীর পক্ষেও তিনি দাঁড়িয়েছিলেন।
৩৭৭ ধারা বাতিলের ঐতিহাসিক রায়ে সমকামী অধিকারের পক্ষে তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেও তিনি আদালতে সওয়াল করেন। জীবনসঙ্গিনী অরুন্ধতী কাটজুর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে জানিয়েই তিনি অন্তর্ভুক্তির রাজনীতিতে এক নতুন বার্তা দিতে চেয়েছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত