
গড়বেতা, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার শাখাবাই জঙ্গল থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। শনিবার এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি দলছুট হাতির হামলাতেই মৃত্যু হয়েছে ওই যুবকের। মৃতের নাম সৌরভ পালোই (২৮)। তাঁর বাড়ি গড়বেতা থানার অধীন ভোমরাডাঙ্গা গ্রামে। তাঁর দেহ উদ্ধার করেছে গড়বেতা থানার অধীন চন্দ্রকোনা রোড ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে।
শনিবার সকালে ওই যুবক বাড়ির কাছে শাখাবাই জঙ্গলে গিয়েছিলেন কোনও কাজে। সেই সময়ে একটি দলছুট দাঁতালের হামলায় মৃত্যু হয় তাঁর। বেশ কিছুক্ষণ স্থানীয় কয়েকজন ওই জঙ্গলে যুবকের দেহ দেখতে পান। তাঁরাই পুলিশ ও গ্রামবাসীদের খবর দেন। দ্রুত চন্দ্রকোনা ফাঁড়ির পুলিশ দেহ উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে পাঠায়। চিকিৎসকেরা সৌরভকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চন্দ্রকোনা রোড রেঞ্জের বনকর্মীরাও।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ