
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): দোলযাত্রার আগেই শনিবার সকালে নিউটাউনের ইকো পার্কে প্রাতর্ভ্রমণের সময় গেরুয়া আবিরে মেতে উঠতে দেখা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষকে। ‘রং বরসে’ গানের সুরে পরিচিত ও সমর্থকদের সঙ্গে নাচেও পা মেলালেন তিনি। এসআইআর -এর পর রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনেই দিলীপ ঘোষের এই মেজাজ রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
কলকাতায় থাকলে দিলীপ ঘোষ প্রতিদিন সকালেই ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান। সেখানে পরিচিত ও সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে দেখা যায় তাঁকে। আগামী মঙ্গলবার দোল উৎসব থাকলেও, শনিবার থেকেই রঙের উৎসবে মেতে উঠলেন বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতি। মাথায় পাগড়ি বেঁধে এবং গায়ে গেরুয়া আবির মেখে তাঁকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে।
শনিবারই রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনের পর পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা। এই তালিকা নিয়ে যখন গোটা রাজ্যে প্রশাসনিক ও রাজনৈতিক চর্চা তুঙ্গে, তখন দিলীপ ঘোষের এই ‘দাবাং’ মেজাজ নজর কেড়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের। ভোটার তালিকায় কত নাম বাদ পড়বে বা কত পরিবর্তন আসবে, তা নিয়ে যখন চাপানউতোর চলছে, ঠিক সেই সময়ই এই উদযাপনের বিশেষ তাৎপর্য খুঁজছেন অনেকে।
এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে দিলীপ ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিয়েছেন যে ১ কোটি ২০ লক্ষ মানুষের নাম বাদ যাবে। আমরাও তো এটাই বলে আসছিলাম। তাহলে মানতে এত দেরি কেন?” তিনি আরও যোগ করেন, “তিনিই তো লোকসভায় বলেছিলেন বাংলায় অনুপ্রবেশকারীরা ভরে গিয়েছে। ২০ বছর কেটে গেল, তিনি কি একজন অনুপ্রবেশকারীকেও বাইরে পাঠাতে পেরেছেন? পশ্চিমবঙ্গের মানুষ এতদিন যে বোঝা বইছিলেন, এবার তা নামিয়ে দেবেন।”
---------------
হিন্দুস্থান সমাচার / সোনালি