
কৈলাসহর (ত্রিপুরা), ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : মদের আসরে বিবাদকে কেন্দ্র করে ত্রিপুরার ঊনকোটি জেলায় মর্মান্তিক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় ভাগ্নের হাতে প্রাণ হারালেন মামা বিন্দু দেববর্মা (৬২)। ঘটনাটি ঘটেছে কৈলাসহর থানার অন্তর্গত চিনিবাগান ৫ নম্বর ওয়ার্ড এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে নিজেদের বাড়িতে বসে মদ্যপান করছিলেন পরিবারের কয়েকজন সদস্য। নেশার মাত্রা বাড়তেই তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মামা-ভাগ্নের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভাগ্নে সঞ্জিত দেববর্মা আচমকাই মামার ওপর চড়াও হয়। এলোপাতাড়ি মারধর ও বুকে সজোরে লাথির আঘাতে গুরুতর জখম হন বিন্দু দেববর্মা।
রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত প্রথমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। পরে সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে অভিযুক্ত পলাতক।
খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ইতিমধ্যে একটি মামলা রুজু করে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ