কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে নীতিমালা আনছে ত্রিপুরা সরকার : মন্ত্রী অনিমেষ
আগরতলা, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের বন, পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। শনিবার রাজধানী আগরতলায় প্রজ্ঞা ভবনে জাতীয় বি
মন্ত্রী অনিমেষ দেববর্মা


আগরতলা, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের বন, পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। শনিবার রাজধানী আগরতলায় প্রজ্ঞা ভবনে জাতীয় বিজ্ঞান দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

“বিজ্ঞানে নারীঃ বিকশিত ভারত অনুঘটক” শীর্ষক ভাবনাকে সামনে রেখে এদিন জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন করা হয়। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, কারিগরি বিদ্যায় দক্ষতা অর্জন করতে না পারলে কোনও দেশই উন্নত দেশের মর্যাদা পেতে পারে না। তিনি উল্লেখ করেন, ভারতের প্রতিবেশী রাষ্ট্র চীন এই ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে।

তিনি বলেন, বিজ্ঞান কোনও ধরনের গুজবে বিশ্বাস করে না। গবেষণার মাধ্যমে কোনটি সত্য আর কোনটি ভুল তা প্রমাণ করে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার প্রসঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্রে এর ব্যবহারের ফলে বহু ক্ষেত্রে কর্মসংস্থানের ধরণ বদলেছে। মানুষের যে কাজ করতে এক মাস সময় লাগে, কৃত্রিম বুদ্ধিমত্তা তা কয়েক মিনিটে সম্পন্ন করতে সক্ষম—ফলে কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আসছে।

বিজ্ঞানে নারীদের অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, স্কলারশিপ প্রদান, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং নেতৃত্বের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, রাজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা চলছে এবং শীঘ্রই এ সংক্রান্ত একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে।

অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande