
আগরতলা, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে দেশের প্রথিতযশা বিজ্ঞানীদের প্রতি শ্রদ্ধা জানাল ব্রেক থ্রো সায়েন্স সোসাইটির ত্রিপুরা চ্যাপ্টার। শনিবার রাজধানী আগরতলায় প্যারাডাইস চৌমুহনী এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করে বিজ্ঞানভিত্তিক এই সংগঠনটি।
উল্লেখ্য, আজ থেকে ৯৮ বছর আগে ১৯২৮ সালের এই দিনে আলোর বিচ্ছুরণ সংক্রান্ত যুগান্তকারী আবিষ্কার ‘রমন এফেক্ট’ আবিষ্কার করেন প্রখ্যাত পদার্থবিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরমন। তাঁর এই আবিষ্কার ১৯৩০ সালে দেশে বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার এনে দেয়। ১৯৮৬ সাল থেকে দিনটি সারা দেশে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
এদিনের অনুষ্ঠানে ব্রেক থ্রো সায়েন্স সোসাইটির ত্রিপুরা শাখার উদ্যোগে দেশের বিশিষ্ট বিজ্ঞানীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য শাখার সহ-সভাপতি রাজু আচার্য সহ অন্যান্য সদস্যরা।
এই প্রসঙ্গে রাজু আচার্য জানান, ছাত্র-ছাত্রী ও যুব সমাজের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই প্রতিবছর জাতীয় বিজ্ঞান দিবসে এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ