
আগরতলা, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন ও বিজ্ঞানমনস্ক করে তোলার লক্ষ্যে জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষ্যে বসে আঁকো ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করল প্রকাশপর্না প্রকাশনী। শনিবার রাজধানী আগরতলায় স্টুডেন্টস হেলথ হোমে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে।
উল্লেখ্য, বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরমন ১৯২৮ সালের এই দিনেই ‘রমন এফেক্ট’ নামে আলোর বিচ্ছুরণ সংক্রান্ত যুগান্তকারী আবিষ্কার করেন। তাঁর এই আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ ১৯৩০ সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর আবিষ্কারের দিনটিকেই ১৯৮৬ সাল থেকে দেশে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়ে আসছে।
জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে বয়সভিত্তিক তিনটি বিভাগে ছাত্রছাত্রীদের বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং সমসাময়িক বিজ্ঞানচর্চা সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এদিন অনুষ্ঠানে একটি বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিনের মলাট উন্মোচন করা হয়। প্রকাশপর্না প্রকাশনীর সম্পাদিকা ডঃ অপর্ণা গাঙ্গুলী জানান, শিশু-কিশোরদের মধ্যে বিজ্ঞানচেতনা ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেন প্রকাশপর্না প্রকাশনীর কর্তৃপক্ষ। অনুষ্ঠানে শিক্ষক-অভিভাবকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ