খোয়াইয়ে সীমান্তে ছয়টি গরুসহ এক ব্যক্তি আটক
খোয়াই (ত্রিপুরা), ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : খোয়াই থানাধীন বড় বাগাইস্থিত ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে ছয়টি গরুসহ এক ব্যক্তিকে আটক করেছে যৌথ টহলদারি বাহিনী। শনিবার বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত নির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ, টিএসআর এবং বিএসএ
ত্রিপুরা পুলিশ


খোয়াই (ত্রিপুরা), ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : খোয়াই থানাধীন বড় বাগাইস্থিত ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে ছয়টি গরুসহ এক ব্যক্তিকে আটক করেছে যৌথ টহলদারি বাহিনী। শনিবার বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত নির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ, টিএসআর এবং বিএসএফ-এর যৌথ টিম অভিযান চালায়।

খোয়াই থানার ভারপ্রাপ্ত কার্য্যকারক জানান, বড় বাগাই এলাকার একটি স্থানে অ্যাম্বুশ করে টহলদারি টিম অবস্থান নেয়। কিছুক্ষণ পর তিনজন ব্যক্তি ছয়টি গরু নিয়ে কাঁটাতারের বেড়ার দিকে এগোতে থাকে। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে টহলদারি দল তাদের চ্যালেঞ্জ জানালে তারা গরুগুলি ফেলে সীমান্তের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে।

এই সময় ধাওয়া করে পলায়নপরদের মধ্যে একজনকে আটক করা সম্ভব হয়। বাকি দুইজন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। আটক ব্যক্তির নাম সুমন সূত্রধর (৩৫)। তার বাড়ি খোয়াই থানাধীন সিঙ্গিছড়া ২নং এলাকায় বলে জানা গেছে।

টহলদারি দল ঘটনাস্থল থেকে ছয়টি গরু উদ্ধার করে এবং আটক ব্যক্তিসহ থানায় নিয়ে আসে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গরুগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে আসা হয়েছিল। গরুগুলি চুরি করে আনা হয়েছে বলেও সন্দেহ করছে পুলিশ।

এ ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে খোয়াই থানার পুলিশ। পলাতক দুই ব্যক্তির সন্ধানে তল্লাশি অভিযান চলছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande