কৈলাসহরে দুই বাংলাদেশি আটক, অবৈধ অনুপ্রবেশের মামলা রুজু
কৈলাসহর (ত্রিপুরা), ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের টিলাবাজার এলাকা থেকে দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে ইরানি থানার পুলিশ। একজন মহিলা ও অন্যজন পুরুষ। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় কাকভোরে চালানো অভিয
আটক


কৈলাসহর (ত্রিপুরা), ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের টিলাবাজার এলাকা থেকে দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে ইরানি থানার পুলিশ। একজন মহিলা ও অন্যজন পুরুষ। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় কাকভোরে চালানো অভিযানের পর অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ইরানি থানায় ০৫/২০২৬ নম্বর মামলা রুজু হয়েছে।

ইরানি থানার ইন্সপেক্টর শ্রীকান্ত চক্রবর্তী জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টিলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। সন্দেহজনক গতিবিধির কারণে দুই ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিকভাবে তাঁরা নিজেদের চণ্ডীপুর বিধানসভার হালাইর পার গ্রামের বাসিন্দা বলে দাবি করলেও জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ে। পরে তাঁরা স্বীকার করেন যে তাঁদের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে একটি সন্দেহজনক ভারতীয় প্যান কার্ড উদ্ধার হয়েছে। নথিটির বৈধতা যাচাই করতে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এটি ভুয়ো নথি কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে ফরেনসিক পরীক্ষার ব্যবস্থাও নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এদিকে, ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে একটি ইলেকট্রিক অটো ও তার চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে অটোর চালকের পরিচয় আপাতত প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন ইন্সপেক্টর শ্রীকান্ত চক্রবর্তী।

ধৃতদের খুব শীঘ্রই কৈলাসহর আদালতে তোলা হবে এবং পুলিশ রিমান্ডের আবেদন করা হবে। সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। অবৈধ অনুপ্রবেশ রুখতে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

সীমান্ত সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে গোটা চক্রের যোগসূত্র খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন ইরানি থানার ইন্সপেক্টর শ্রীকান্ত চক্রবর্তী।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande