
আগরতলা, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : আগরতলা শহরের নতুননগর কাঁঠালতলি এলাকায় ফিল্মি কায়দায় সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল রিকি সিং ও অঙ্কুর চক্রবর্তী।
এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেব জানান, আলামিন নামের জনৈক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের ব্যবহৃত একটি গাড়িও আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক গাড়ির ভিতর থেকে একাধিক নম্বর প্লেট উদ্ধার হয়েছে। অথচ গাড়িটির সামনের দিকে কোনও নম্বর প্লেট ছিল না। পুলিশের প্রাথমিক অনুমান, বিভিন্ন নম্বর প্লেট ব্যবহার করে ছিনতাইয়ের মতো অপরাধ সংঘটিত করার উদ্দেশ্যেই চক্রটি কাজ করছিল।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি সোনামুড়া থেকে বিমানযাত্রীদের নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওনা দেন আলামিন। পথে নির্জন স্থানে তাদের গাড়ি আটকে দেয় একদল দুষ্কৃতী। অভিযোগ, অভিযুক্তদের সংখ্যা ছিল প্রায় দশ থেকে এগারোজন। তারা গাড়িচালক ও যাত্রীদের বেধড়ক মারধর করে এবং মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার পর গাড়িচালক এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ধৃতদের শনিবার রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ