
শ্রীভূমি (অসম), ১ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত নিলামবাজারে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের সন্দেহভাজন মাদকদ্রব্য বজেয়াপ্ত করেছে পুলিশ।
আজ রবিবার শ্রীভূমি জেলা পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার মধ্যরাতে নিলামবাজার থানাধীন ব্রাহ্মণশাসন এলাকায় থানার ওসি আনন্দ মেধি সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ডিএসপি সদর রিতুরাজ মজুমদার অভিযান চালান। পরিচালিত অভিযানে জনৈক ব্যক্তির বাসা থেকে ১০টি প্যাকেটে মোড়ানো ২০ হাজারটি মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
মাদক কারবারে জড়িত অভিযোগে নিলামবাজার থানাধীন কান্দিগ্রামের বাসিন্দা জাবির উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জাবির উদ্দিন মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।
ঘটনার তদন্ত চলছে এবং বাজেয়াপ্তকৃত মাদকের উৎস ও গন্তব্য সম্পর্কে তথ্য জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস