
কোকরাঝাড় (অসম), ১ মাৰ্চ (হি.স.) : কোকরাঝাড় জেলার অন্তৰ্গত ফকিরাগ্রাম শহরে গতকাল শনিবার রাতে সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪৮ বছর বয়সি জনৈক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ব্যক্তিটি। মৃত ব্যক্তিকে ভুবননগর গ্রামের বাসিন্দা বানেশ্বর বর্মণের ছেলে ভুলু বর্মণ বলে শনাক্ত করা হয়েছে।
জানা গেছে, হেল নদীর সেতুর কাছে অবস্থিত শিব মন্দিরের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুতগতিতে আগত ডব্লিউবি ৫৭ বি ৯০১৩ নম্বরের একটি ট্রাক পথচারী ভুলু বর্মণকে ধাক্কা মারে। ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান।
ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ট্রাকটি আটক করে এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক ট্রাককে হেফাজতে নিয়ে ফকিরাগ্রাম থানায় নিয়ে যায়।
পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং ট্রাক চালকের বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চালিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস