
পুরুলিয়া, ১ মার্চ (হি.স.): পুরুলিয়ার রঘুনাথপুর-বাঁকুড়া রাজ্য সড়কে লরির ধাক্কায় মৃত্যু হল স্কুটিতে আরোহী এক মহিলার। রঘুনাথপুর থানার অন্তর্গত চিনপিনা রেল গেটের অদূরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। একটি মালবাহী লরির চাকায় পিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনায় আহত ওই মহিলার পাঁচ বছরের ছেলে। তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিন সকালে ওই মহিলা রঘুনাথপুর থানার অন্তর্গত লায়েকডাঙ্গা থেকে স্কুটিতে করে ছেলেকে নিয়ে রঘুনাথপুরের গোবিন্দপুর আসছিলেন। চিনপিনার কাছে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহিলার স্কুটির পিছনে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন মহিলা, চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মহিলার মৃত্যু হয়। খবর পেয়ে রঘুনাথপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। মহিলার দেহ তুলতে গেলে স্থানীয় বাসিন্দারা বাধা দেয়। যান নিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে তারা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ