
বীরভূম, ১ মার্চ (হি.স.): বীরভূমের নানুরের মোহনপুরে সিধো কানহুর নির্মীয়মাণ মূর্তি ভেঙে দেওয়াকে কেন্দ্র করে জনজাতিদের মধ্যে বিক্ষোভ ছড়াল। রবিবার সকালে অবরুদ্ধ হয়ে পড়ে বোলপুর-নানুর সড়ক। মোহনপুরের প্রান্তিক বাস স্ট্যান্ড সংলগ্ন জায়গায় স্থানীয় জনজাতিদের উদ্যোগে নির্মাণ করা হচ্ছে দু'টি মূর্তি। অভিযোগ, শনিবার রাতের অন্ধকারে সেই মূর্তি দু'টির কিছু অংশ কেউ বা কারা ভেঙে দেয়। রবিবার সকালে বিষয়টি সামনে আসতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন জনজাতিরা। পরে রাস্তা অবরোধ করতে শুরু করেন তাঁরা। জনজাতিদের এক নেতা বলেন, সিধো কানহু আমাদের কাছে ভগবানের মতো, তাঁর মূর্তিতে আঘাত আমরা কোনওমতেই মেনে নেব না। আমরা এর বিচার চাই। ঘটনাস্থলে নানুর থানার পুলিশ পৌঁছয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ