
বীরভূম, ১৭ মার্চ (হি.স.) : বীরভূম জেলার নতুন পুলিশ সুপার হলেন সূর্যপ্রতাপ যাদব। বীরভূমের পুলিশ সুপার আমনদীপকে সরিয়ে নির্বাচন কমিশন তাঁর জায়গায় ২০১১ সালের আইপিএস ব্যাচের ওই আধিকারিককে আনছে। প্রসঙ্গত গত বছর জানুয়ারিতে রাজনারায়ণ মুখোপাধ্যায়ের পরিবর্তে জেলা পুলিশ সুপার হিসাবে দায়িত্ব নেন আমনদীপ। নতুন পুলিশ সুপার সূর্যপ্রতাপ অবশ্য আগেও জেলায় কাজ করে গিয়েছেন। বীরভূম জেলার বোলপুরের এসডিপিও ছিলেন তিনি।
এদিকে, মুর্শিদাবাদের দু’টি পুলিশ জেলার পুলিশ সুপারকে (এসপি)–ও বদল করা হল। মঙ্গলবার এ বিষয়ে নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করেছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি ধৃতিমান সরকারকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয়েছে শচিনকে। জঙ্গিপুর পুলিশ জেলার এসপি হোসেন মেহেদি রেহমানের স্থলাভিষিক্ত হয়েছেন সুরিন্দর সিংহ। কয়েক বছর আগে সুরিন্দর মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি-র দায়িত্ব সামলেছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ