
বাঁকুড়া, ১৭ মার্চ (হি.স.) : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাঁকুড়া জেলার প্রার্থী তালিকায় একাধিক নতুন মুখ এনে চমক দিল তৃণমূল কংগ্রেস। জেলার ১২টি আসনের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী বদল করে কৌশলগত বার্তা দিল শাসকদল।
বাঁকুড়া কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাঃ অনুপ মণ্ডলকে। অন্যদিকে রানীবাঁধ কেন্দ্রে বর্তমান মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডিকে সরিয়ে শিক্ষাবিদ তনুশ্রী হাঁসদাকে প্রার্থী করা হয়েছে। বড়জোড়া কেন্দ্রে দলীয় টিকিট পেয়েছেন সমাজকর্মী গৌতম মিশ্র, যিনি ‘শ্যামদা’ নামেই পরিচিত।
উল্লেখযোগ্যভাবে, এই তিন প্রার্থীই মঙ্গলবার তৃণমূলে যোগ দিয়েছেন এবং যোগদানের দিনই দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চলে ক্রমবর্ধমান অসন্তোষ এবং দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের প্রেক্ষাপটে বড়জোড়ায় প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। ২০১৬ সালে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী পরাজিত হয়েছিলেন এবং ২০২১ সালে স্থানীয় মুখকে প্রার্থী করে দল জয় পায়। তবে এবারে সেই ধারা ভেঙে নতুন মুখের ওপর ভরসা করেছে দল।
গৌতম মিশ্র পূর্বে কংগ্রেস ঘনিষ্ঠ ছিলেন এবং ১৯৯৮ সালে তৃণমূলে যোগ দেন। পরবর্তীতে সক্রিয় রাজনীতি থেকে সরে গিয়ে ব্যবসায় মনোনিবেশ করেন। তিনি বর্তমানে জেলার পরিচিত পরিবহন ব্যবসায়ী এবং সমাজসেবী হিসেবে পরিচিত। ২০২১ সালের আগে বিজেপিতে যোগ দিলেও টিকিট না পাওয়ায় দল থেকে দূরে সরে যান।
যোগদানের পর গৌতম মিশ্র জানান, বিজেপিতে যোগ দেওয়া তাঁর জীবনের বড় ভুল ছিল। তিনি দাবি করেন, কর্পোরেট ধাঁচে সামাজিক দায়বদ্ধতার কাজের মাধ্যমে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মানুষের পাশে রয়েছেন।
দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত জানান, সমাজসেবার জন্য একটি উপযুক্ত মঞ্চ খুঁজছিলেন গৌতম মিশ্র। তৃণমূল সেই সুযোগ করে দিয়েছে। দলের মূল লক্ষ্য উন্নয়ন, এবং সেই লক্ষ্যে নতুন মুখদের এগিয়ে আনা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট