
আগরতলা, ১৭ মার্চ (হি.স.) : আগরতলা শহরের কাছে বোধজংনগর থানাধীন বণিক্য চৌমুহনী এলাকায় ব্যাম্বু পার্ক সংলগ্ন স্থানে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে দুই নাবালক। আহতদের নাম বিশেষ দাস ও দীপ দাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল প্রায় দশটা নাগাদ একটি দ্রুতগতির ট্রিপার বোধজংনগরের দিকে যাচ্ছিল। অপরদিকে, দুই নাবালক স্কুটিতে করে খয়েরপুরের দিকে যাচ্ছিল। ব্যাম্বু পার্ক সংলগ্ন এলাকায় হঠাৎ করে ট্রিপারটি সামনে চলে আসায় স্কুটিচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে স্কুটিটি সরাসরি ট্রিপারের সঙ্গে ধাক্কা লাগে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত দমকল বিভাগকে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত দুই নাবালককে উদ্ধার করে তড়িঘড়ি জিবি হাসপাতালে নিয়ে যান।
দমকল বিভাগের এক আধিকারিক জানান, আহত দুই নাবালকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ