
দুর্গাপুর, ২ মার্চ (হি. স.) : অবশেষে তিনদিন পর বুদবুদে সেচ ক্যানেলে ঝাঁপ দেওয়া যুবকের মৃতদেহ উদ্ধার হলো। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম পরেশ বাগদী (৪২), তিনি বুদবুদ থানার শালডাঙা গ্রামের বাসিন্দা। সোমবার সকালে সেচ ক্যানেলের লকগেটের ডাউনস্ট্রিমে তাঁর মৃতদেহ পাওয়া যায়।
উল্লেখ্য, বর্তমানে বোরো চাষের জন্য সেচ ক্যানেলে জল ছাড়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৭ মার্চ দুপুরে বুদবুদ থানার চাঁকতেঁতুল এলাকায় এলবিএমসি ক্যানেলে ঝাঁপ দেন ওই যুবক। স্থানীয় সেচ দফতরের কর্মীরা লক্ষ্য করেন, এক যুবক আচমকা ক্যানেলের আপস্ট্রিমে ঝাঁপ দিয়েছেন। জলের তোড় বেশি থাকায় তিনি নিমেষেই তলিয়ে যান। খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ ও উদ্ধারকারী দল তল্লাশি শুরু করলেও তখন তাঁর খোঁজ মেলেনি। সোমবার সকালে লকগেটের নিচে দেহটি ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
অন্যদিকে, সোমবার দুপুরে অন্ডালের পুবড়াঘাটে স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু হয়েছে আরও এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম দিলীপ বাউরী (৩৫)। তিনি পার্শ্ববর্তী বাসকা গোসাইডাঙ্গা এলাকার বাসিন্দা। জানা গেছে, এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ পুবড়া ঘাটে স্নান করতে নেমেছিলেন তিনি। অসাবধানতাবশত পা হড়কে গভীর জলে তলিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা