
হাফলং (অসম), ২ মাৰ্চ (হি.স.) : কংগ্রেস দলের কাছে এখন কোনও রাজনৈতিক অ্যাজেন্ডা নেই বলে আরও একবার কংগ্রেসকে কটাক্ষ করেছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।
দেবোলাল গার্লোসা বলেন, অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেনকুমার বরা বিজেপিতে যোগদান করেছেন। নির্বাচনের আগে ডিমা হাসাও জেলায়ও বহু কংগ্রেস নেতা ও কর্মী বিজেপিতে যোগদান করবেন, দাবি দেবোলালের।
হাফলং আসনে বিজেপির প্রার্থী কে হতে পারেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল। দল যাঁকে প্রার্থী করবে তাঁকেই আমরা জয়ী করতে কাজ করব। দেবোলাল বলেন, নির্বাচনের দিন-তারিখ ঘোষণা হওয়ার পরই বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
তবে দেবোলাল গার্লোসার আশীর্বাদ যাঁর মাথায় থাকবে তিনি কি হাফলং আসনে বিজেপি-প্রার্থী হবেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার আশীর্বাদের প্রশ্নই উঠে না, প্রার্থিত্বের ক্ষেত্রে দলীয় নেতৃত্ব শেষ কথা। তিনি বলেন, আমি যদি মুখ্য কার্যনির্বাহী সদস্য হয়ে কাজ না করি তা-হলে আমাকেও কেউ মানবে না। সবাই বিজেপির বিচারধারাকে মেনে চলেন।
আগে দেখা গিয়েছে, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের যে মুখ্য কার্যনির্বাহী সদস্য হয়েছেন, তাঁরা সবাই দলীয় হাইকমান্ডের নির্দেশে চলেছেন, প্রয়োজনে টাকা দিয়ে এদের ম্যানেজ করা হতো, এই অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচনে অন্য দলে টিকিটের জন্য টাকা দিতে হতো, তবে বিজেপি-টিকিটের জন্য টাকা দিতে হয় না। তিনি বলেন, দলের যে-কোনও ব্যক্তি টিকিট চাইতে পারেন। এবারও বর্তমান বিধায়ক তথা মন্ত্রী নন্দিতা গার্লোসা নিশ্চয়ই টিকিট চাইবেন। পরিষদের কোনও বিজেপি সদস্য টিকিটের জন্য দাবি জানাতে পারেন। তবে প্রার্থিত্বের জন্য দলীয় নেতৃত্ব শেষ কথা।
তিনি বলেন, হাফলং আসনে বিজেপির প্রার্থী কে হবেন তা ঘোষণা করবেন রাজ্যের বিজেপি সভাপতি ও মুখ্যমন্ত্রী। তবে দল যাঁকেই প্রার্থী করবে বিজেপি নেতা ও কাৰ্যকৰ্তারা ওই প্রার্থীকে জয়ী করার জন্য কাজ করে যাবেন।
অন্য এক প্ৰশ্নের জবাবে দেবোলাল বলেন, এনপিপি এবার নির্বাচনে কোনও ফ্যাক্টর হবে না। এনপিপির প্রার্থী নির্বাচনে নয় থেকে দশ হাজার ভোট পাবেন এবং কংগ্রেস তিরিশ থেকে চল্লিশ হাজার ভোট পাবেন, বাকি ভোট বিজেপির দিকে আসবে। এই অবস্থায় হাফলং আসনে বিজেপি-প্রার্থীর জয় নিশ্চিত বলে দাবি করেছেন দেবোলাল গার্লোসা।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব