
বাঁকুড়া, ২ মার্চ (হি.স.): ফের লোকালয়ে হাতির হানা। বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের পাথরমোড়া গ্রামে হাতির হামলায় ভেঙে গুঁড়িয়ে গেল বসতবাড়ি ও একটি মোটরবাইক। গতকাল রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গ্রামবাসীদের সূত্রে জানা গেছে, রবিবার রাতে জঙ্গল থেকে বেরিয়ে তিনটি হাতির একটি দল গ্রামে ঢুকে পড়ে। হাতির দলটি স্থানীয় একটি বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়। হাতির হামলায় বাড়িটির একাংশ, প্রাচীরের দুটি দেওয়াল এবং গোয়ালঘরের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি বাড়ির সামনে রাখা একটি মোটরবাইকও দুমড়ে-মুচড়ে দেয় হাতির দলটি।
ঘটনার সময় ওই পরিবারের সদস্যরা ঘরের ভেতরেই ছিলেন। হাতির গর্জন ও ভাঙচুরের শব্দে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন এবং প্রাণ বাঁচাতে চিৎকার শুরু করেন। প্রতিবেশীদের দাবি, বরাতজোরে ওই পরিবারের সদস্যরা প্রাণে বেঁচে গিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খাবারের খোঁজে বারবার জঙ্গল থেকে হাতির দল লোকালয়ে চলে আসছে এবং ফসলের পাশাপাশি জানমালের ক্ষতি করছে। তাঁদের দাবি, বন দফতরকে বারবার জানানো সত্ত্বেও তারা নির্বিকার। হাতির গতিবিধি নিয়ন্ত্রণ করতে বন দফতর ব্যর্থ হওয়ায় জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে এখন আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট